শুভা রায় (হাওড়া)
ছিল প্রেম গহীন মনে
ছিল প্রেম পদ্ম পাতায়,
ছিল প্রেম যত্নে রাখা
কিশোরীর লুকোনো খাতায়।
ছিল প্রেম গোধূলি আলোয়
আল ধরে হেঁটে যাওয়ায়
ছিল প্রেম নত মুখে
ক্ষনিকের লাজুক চাওয়ায় ।
ছিল প্রেম কলেজ পথে
সাঁকোটির রেলিং ঘিরে,
ছিল প্রেম লাল আবিরে
কোপাইয়ের নদীর তীরে।
ছিল প্রেম দহন দিনে
ছিল প্রেম পলাশ মাসে,
ছিল প্রেম বৃষ্টি ফোঁটায়
শিশিরের সিক্ত ঘাসে।
ছিল প্রেম কোলাহলে
ছিল প্রেম নীরব ভাষায়,
ছিল প্রেম ভীষণ প্রেমে
ছিল প্রেম ভালোবাসায়।
ছিল নয় আজও আছে
হৃদয়ের মণিকোঠায়,
প্রেমেরই আতর মেখে
পারিজাত ফুল সে ফোটায় !!
কমেন্ট করুন