কবিতা: দ্রোহী ছেলে
কবি: বদ্রীনাথ পাল
দ্রোহী ছেলে
পেটের জ্বালায় যে ছেলেটি
লেটোর দলে করতো গান -
বক্ষেতে তার জ্বাললো আগুন
দেশ মায়েরই অপমান ।
দেশ জননীর পদতলে
যে ছেলেটি দিতো চুম ,
সেই ছেলেটিই ছুটিয়ে দিলো
ইংরেজদের রাতের ঘুম !
বিষের বাঁশি যে বাজালো
অগ্নিবীণার পাগল সুর !
সেই ছেলেটিই স্বপ্ন দেখায়
স্বাধীন সুখের সমুদ্দুর।
যে বলেছে পরাধীনতা
সুখ সেতো নয় - হলাহল,
তার ডাকেতেই গর্জে ওঠে
বাংলাদেশর তরুণ দল ।
যে ছেলেটি উল্কা সমান
দিলো দেখা দুখের দিন,
শোধ করা কি যাবে কভু
বলো তো ভাই তার সে ঋণ ?
সেই ছেলে যে আর কেউ নয়
চিনতে যেন না হয় ভুল -
বাংলা মায়ের দ্রোহী ছেলে
আর কেউ নয় সে 'নজরুল'।
কমেন্ট করুন