কবিতা: সূর্য উঠবেই।। মুজতবা আল মামুন।। গড়িয়া।। কলকাতা

কবিতা: সূর্য উঠবেই
মুজতবা আল মামুন

সূর্য উঠবেই

তখন আকাশ ছিল চিল ওড়া নীল 
তখন যুঁইফুলে ছিল তাজা সুবাস
তখন লাল-চাল ভাতে মনপসন্দ 
তখন বাতাস ধোয়া, একবুক আশ

মুখগুলো তখন মুখোশহীন, খাঁটি
কাঁধে ছিল সাহসের বাহু খাদহীন 
সমুদ্রের ঢেউয়ে উত্তাল সাদা ফেনা 
মন-মাটি যেত দুলে, অবাক অচিন

ঈষান-অগ্নি খুঁজে তোকে যখন 
পাই তুই শুধু ঠিকঠাক, বাকি সব জল 
মানুষের বেশে মুখোশধারী ফানুস 
সমুদ্রমন্থনে ওঠে শুধু হলাহল

এখন অচেনা এই-সেই... যদু-মধু 
এখন হাসিতে বিষ, মিছরির ধার 
এখন আঁধারে পচা-গলা লাশ কাঁদে 
এখন কাঁধে কালো হাতের কারবার

তার চেয়ে এটা ভালো, চোখ খুলে রাখা 
তবু 'একলা চলো রে' নয়, মিশে থাকো 
জনতাকে বলো, সূর্য উঠবেই কাল 
ভালবাসা-হাত মানুষের হাতে রাখো..

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.