কবিতা: উড্ডয়ন।। প্রেমাংশু শ্রাবন।। কুয়ালালামপুর।। মালয়েশিয়া


 কবিতা: উড্ডয়ন
প্রেমাংশু শ্রাবণ

উড্ডয়ন

আমরা উপরে উঠি,দেখি-
আমাদের গ্রাম দেখা যায় কি না!
আমাদের বাড়ি দেখা যায় কি না!
ওটাই কি আমাদের বাড়ি

উঠোনে মেলে দেওয়া 
পাতাবাহার শাড়ি। 
কিশোরীর ওড়নায় দুলে ওঠা ধানক্ষেত! 

সেতু গরবিনী দেশের শেষ খেয়া ঘাট

আমরা আকাশে উঠি
দেখা কি যায় --
এক কিশোরের ফেলে আসা লাটাই!
ছেঁড়া ঘুড়ি!

বইয়ের ভাজে লুকোনো বকুল, 
মৃদু সুবাস! ডুবসাঁতার! 
ভেজাচুল! চোখ লাল
রোদ ঝলসানো এক দুপুর

দেখা কী যায় ---
এখনো আমার খুঁজে ফেরা মা-
জহুরা খাতুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.