কবিতা: নজরুল দিব্যাঙ্গ
নজরুল দিব্যাঙ্গ
চুরুলিয়ায় জন্ম নিল
দুখু মিয়া নজরুল
সাহিত্যের প্রাণপুরুষ
বাংলা ভাষার বুলবুল।
পিতা মাতার অকাল প্রয়াণ
শিশু শ্রমিক কয়লা খনি
ক্ষুদে প্রতিভা ঘটল বিকাশ
হস্তে ধরেন সেই লেখনী।
পেটে খিদে শিরে বিদ্যে
দুনিয়া দেখার কৌতূহল
লেটো দলে করল যোগ
দারিদ্রতার বিষম গরল।
নিষ্ঠুর পৃথিবীকে
কাছ থেকে দেখা
প্রতিবাদ ফুটে ওঠে
বিদ্রোহী লেখা।
অত্যাচারী শোষকদের
তীব্র শ্লেষে করেন কাত
বিপ্লবী কবি যুদ্ধে
অমানুষে পদাঘাত।
কুলি মজুর নিপীড়িতের
কাব্য ঘ্রাণ মুখবন্ধ
ঔপনিবেশিক কম্পমান
পতনের পায় গন্ধ।
শিকল ভাঙার গর্জনে
স্বাধীনতার বার্তা
পায়ের মাটি শক্ত করে
মুক্তি মন্ত্রে ব্যাকুলতা।
ধর্মের নামে শঠতা
নীচতা দুর্বলতা
ভীরুতা কাপুরুষতা
গুঁড়িয়ে দাও নিষ্ঠুরতা।
জাগিয়ে তোল সাহসিকতা
কলুষিত মনে শুভ্রতা
দেশপ্রেমে সজীবতা
বিশ্বময় মানবিকতা।
তোমার লেখায় উজ্জীবিত
দেশের যুবক শক্তিবল
মাতৃভূমির শপথবাক্য
খেটে খাওয়া মানুষের দল।
নজরুল তুমি অজেয়
অভয় তোমার বাণী
বঙ্গভূমির অক্ষয় বিধেয়
অগ্নিশিখার শিরোমণি।
যতদিন রবে
গঙ্গা যমুনা বঙ্গ
কাব্য গীতের রঙ্গ
সোনার প্রকৃতি সঙ্গ
বৃক্ষ লতা বিহঙ্গ
ততদিন ভবে
নজরুল উত্তুঙ্গ
শাশ্বত অনুষঙ্গ
প্রণাম নিও হে দিব্যাঙ্গ!!
কমেন্ট করুন