কবিতা: প্রেম।। সঞ্জয় ঘোষাল।। কলকাতা

কবিতা: প্রেম 

সঞ্জয় ঘোষাল

প্রেম

নিকোটিনের শেষ কুণ্ডলীর ধোঁয়ায় - এক ফুৎকারে উড়িয়ে দেব সামাজিক বিড়ম্বনাগুলোকে।

বিসর্জন হোক সমাজের জাতপাতের  মেকি মুখোশগুলো ।

অনিন্দ্যসুন্দর ধারায় বর্ষিত হোক  প্রাণোচ্ছল জীবনের উন্মাদনা ।

ঠিক তখনি আমি প্রেমে পড়বো-

শিঞ্জিনীর অনুরণনের মূর্ছনায় ভরে উঠবে পৃথিবীর নির্মল বাতাস ।

একবুক অভিমান মুছে যাবে অনুরাগের শীতল স্পর্শে ।

কমবে পরাধীনতার শিকলে অবরুদ্ধ তীব্র একাকিত্বের ব্যবধান।

ঠিক তখনি আমি প্রেমে পড়বো-

তোমার ভালোলাগা না ভালোলাগার  খুনসুটিতে মেতে উঠবো আমরা।

তুমি বলবে পাহাড় ভালো লাগে - আমি  বলবো সমুদ্র ।

পড়ন্ত সূর্যের ইন্দ্রধনুর রক্তিম আভায়  অবগুণ্ঠন হবে স্বতন্ত্র ।

ভালোলাগার আত্মসমর্পণে বিভাবরী হবে মৌন অভিসারের প্রহরী।

ঠিক তখনি আমি প্রেমে পড়বো-

শহরের নিয়ন আলোয় দৃশ্যমান উঁচু উঁচু  ইট,ইস্পাতের অট্টালিকা ছেড়ে বিদায়  নেবো আমরা-

হারিয়ে যাবো গহন অরণ্যে- হবে  জোনাকির সাথে মিত্রতা, প্রজাপতির সাথে  সৌহার্দ্য বিনিময়-

চাঁদের মায়াবী জ্যোৎস্নায় দুই শরীরের  ছায়া মিশে যাবে গভীর অনুভবে ।

ঠিক তখনি আমি প্রেমে পড়বো-

আমি নদী হয়ে বয়ে যাবো অববাহিকার  পথে এঁকে বেঁকে -

তুমি উদ্দাম অনাবিল ঝর্ণা হয়ে ঝরে  পড়বে আমার বুকে -

এক অচেনা নিবিড় পূর্ণতায় গভীর  প্রেম মোহে তৃপ্ত হবে আমাদের তৃষ্ণা -

পূর্ণতা পাবে প্রণয় - ঠিক তখনি আমি  প্রেমে পড়বো- প্রগাঢ় প্রেমে !!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.