কবিতা: তবু আজও
তবু আজও
কাছে এসে দূরে গেলে
ব্যথা বড়ো তীব্র হয়ে বাজে।
কতটা আদর ছিলো,
মনে পড়ে কাজে ও অকাজে,
সবকিছু এলোমেলো
তুমি, শুধু তুমি মনে ভাসো।
আমি জানি আজও ভালবাসো।
এত বেশি আবদার, এতো পাগলামি
হয়তো অসহ্য হলো,
নিতে পারলে না।
আমি তবু প্রতি রাত্রে ঘুমের বদলে
সাজাই গল্পের স্মৃতি, স্নেহ উপশম
আমার যা কিছু ভুল,
একবারও চিনিয়ে দিলে না!
আজ যেন চিনেও চেনো না।
মায়ার আখরে দেখি লেখা হয় নিরুত্তাপ দিন।
আমি শুধু দগ্ধ হই, এর চেয়ে ভালো হতো
ভালো যদি না বাসতে সেদিন।
কমেন্ট করুন