সুবীর পাল
অভিশপ্ত আভিজাত্য
নিঃশ্বাসে ঢুকছে বিষ প্রকৃতির বুকে অসহায় করুন কান্না
বিষে ঝাঁঝরা বুকে খনি থেকে তুলে আনা কালো রক্ত মাখা হিরে।
কালো মানুষের ঝুঁকে যাওয়া কোমরে উঠে দাঁড়ানোর চেষ্টা
ক্ষণে ক্ষণে চাবুকের গরম অভিঘাত ছড়ায় চরম লাঞ্ছনা ঘিরে।
তীব্র জ্বালা নিয়ে শরীরে ধুঁকতে থাকে কিছুটা অবশিষ্ট প্রাণ
আভিজাত্যের অহংকার বিষাক্ত কার্বনের ছোঁয়া কাদা বালি পাথর।
রক্ত দিয়ে ধোয়া , তুলে আনা কালো পাথরে হাজার সুর্যের আলো
পৈশাচিক উল্লাসের সাথে দুর্ভাগা কালো মানুষ পড়ে থাকে নিথর।
শ্রেনী বৈষম্যে অহংকারী শাসকের গলায় জ্বল জ্বল করে হিরের হার
ও যে কালো শ্রমিকের রক্তের দাগ লেগে থাকা মৃত্যুর পরোয়ানা।
দারিদ্র্যের অভিশাপ ভরা অভিশপ্ত সমাজের রূপ
ছিটকে বেরোনো একদলা কালো রক্ত,মৃত্যর রূপ দেখে আয়না।
কার্বনের বিষাক্ত আকাশ ,ক্ষয়ে যাওয়া শরীর বাঁচার বাতাস খোঁজে
বিস্ফোরিত চোখে আর ঘুম আসেনা, অপেক্ষা আসার মৃত্যুর ডাক।
একদিন এলিয়ে পড়ে বিষাক্ত বালি মাটির কাদা জলে,অসহায় মৃত্যু
হাজার আলোর উৎস খুঁজে চিরবিদায় অন্তরালে নীরব মৃত্যুর খাদ।
কমেন্ট করুন