১. চিড়
ব্যতিক্রমী সকাল এলেই নীরবে দেখি
লক্ষ্মীর পা আঁকা দাওয়ায়
মাতৃসম্ভবা শালিকটা পায়ে হোঁচট খায়
আর বেদনাপাখিরা পালক জুড়িয়ে
লাবণ্য দানার সাজগোজ খেয়ে ফেলে
স্লিপিং পিলের শহরে
দাম্পত্যের তুলো মাখামাখি জীবনে
ভালোবাসার সুখবীজ বুনতে চেয়েছিলাম
অবশেষে শীতের নিস্তবদ্ধ রাতে
মনস্তাপগুলো সম্পর্কে চিড় এনে দেয়
২.ন্যাফথলিন
বিছানায় চাদর জড়াতেই হঠাৎ গন্ধ লেগেছে
অজান্তেই ভেতর জ্বরে জব্দ করছিলো
আলমিরাতে রাখা উবে যাওয়া ন্যাফথলিন
লেপ -কম্বল আর কাপড়গুলি শুষে নিয়েছিলো
পূজার তামার ঘট তেঁতুল মেজে ঝকঝক করছে
কিন্তু ঘরে মা এখন মঙ্গলচন্ডী পূজা করেনা
সবকিছু আর আগের মত নেই
ঠিক যেমন ঘরের সিলিং এ ঘুণপোকা বাসা বেঁধেছে
সাদা কবুতরটা কাঁচের জানালায় ডানা ঝাপটায়
অথচ গুনগুন করে গান গায় না
বয়স এখন মায়ের উপর জোর খাটাচ্ছে
তাই রোজ নিয়ম করে ক্যালসিয়াম খেতে দিই
কমেন্ট করুন