অনুগল্প: স্বাদ।। গণেশ ভট্টাচার্য।। কলকাতা


  গণেশ ভট্টাচার্য

স্বাদ

বৃষ্টি হঠাৎ নেমে এল, দোকানের ভিতরে  ঢুকে  তরুণ বাইরে তাকিয়ে দেখতে পেল বৃষ্টির অপয়া মুখটা। ঠোঁট মুচড়ে ওর দিকে তাকিয়ে দোকানে ঢুকতে ঢুকতে বলল, চা বল।  বৃষ্টিও মাইরি, সময় পায় না ... 

তরুণ ভেবেছিল চা- টা তারিয়ে তারিয়ে খাবে , বৃষ্টি দেখতে দেখতে, সেখানেও ক্যাচাল, ভাগ্য বটে ওর! 

গভীর হতাশা ফুটে উঠল ওর দু' চোখে। বেঞ্চিতে বসতে বসতে শুধু নিলয়ের দিকে তাকিয়ে বলল, দু' কাপ চা বানাস ভাই।

নিলয় ওর দিকে তাকিয়ে একটু রহস্যময় হাসল। বৃষ্টি বলল , আমার চায়ে একটু মিষ্টি বেশি দিও নিলয়দা। তারপর তরুণকে বলল , শুনলাম তোর গ্যারাজ না কি উঠে যাচ্ছে? 

তরুণ অল্প মাথা নাড়ল। ওর সময় এখন একদমই ভাল নয়। অনেকদিন ধরে গ্যারাজটা ও চালাচ্ছিল এবং বেশ জমে উঠছিল ওর ব্যবসা, জায়গাটার মালিক সম্প্রতি ওকে জানিয়েছে মাল্টিস্টোরিড হবে ওই জায়গাটায় , ফলে ওকে উঠে যেতে হবে। মেজাজ সে কারণেই খিঁচড়ে আছে ওর , একটু ফ্রেশ হতে এসেছিল চায়ের দোকানে , সেখানেও বৃষ্টি! 

এসেই বকবক করতে শুরু করল বৃষ্টি। তরুণ চুপচাপ শুনছিল। দু' একবার হুঁ দিল। কথা বলতে একটুও ভাল লাগছে না ওর।

বৃষ্টির সঙ্গে সম্পর্ক একসময়ে ভালই ছিল তরুণের। অন্যরকম ভাবনাও ছিল। সে ভাবনায় জল ঢেলে দিয়েছে বৃষ্টিই। ওর কোনও বিশ্বাসযোগ্যতা নেই , যখন যার , তখন তার ... তরুণ অত মডার্ন হতে পারে না , সরে এসেছে। 

এখনও তাই করল। চা গলাধঃকরণ করেই উঠে পড়ল। বৃষ্টি বলল , চলে যাচ্ছিস? বৃষ্টি পড়ছে তো ...

উঠে পড়তে পড়তে তরুণ তাকাল বৃষ্টির চোখে , অনেক দিন পরে , বলল , কাজ আছে। আর  বৃষ্টি! থামবে নিশ্চয়ই!

বলে বেরিয়ে পড়ল বৃষ্টির মধ্যেই।

বৃষ্টির দৃষ্টি খর হয়ে উঠল। হেসে উঠল দু' চোখ। তরুণের যাবার পথে তাকিয়ে বলে উঠল, বৃষ্টি  তো ভাল করে শুরুই হয়নি, আগেই ভিজে চুপসে গিয়েছে, বেচারা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.