কবিতা: রাজবাড়ির এখন
রাজবাড়ির এখন
সিংদরজা উধাও কবে
দরবারেতে ঘুঘুর বাসা,
সময় থাবায় ভগ্নস্তুপ
রাজবাড়ি আজ স্মৃতিতে ঠাসা।
ফুলের বাগান, ফলের বাগান
ছিল উঁচু পাঁচিল ঘেরা,
এখন সেথায় ছাগল চরে
বেজী ভামে বাঁধল ডেরা।
পাড় বাঁধানো বিরাট পুকুর
মাছের ঘাই সারা দিন ভর,
এখন শুকনো, পানায় ঢাকা,
চিনে ওঠাই বড় দুষ্কর।
লক্ষ টাকার ঝাড়বাতিরা
রাতকে আলোয় ভরিয়েছিল,
এখন সেথায় আঁধার খালি
সময় সবই বদলে দিল।
একশ খানা চাকর বাকর
পোষ্যই হয়ত গোটা দশ খান,
এখন একলা বুড়ো ওয়ারিশ
(করে) সম্পত্তি বেচে দিন গুজরান।।
কমেন্ট করুন