কবিতা: উজান
তুমি যখন প্রশ্ন করো , পৌঁছে গেছো ঠিকঠাক ?
আমি অভিমানী হই প্রগাঢ় !!
ভাবতে থাকি সঠিক গন্তব্যে সত্যিই কি পৌঁছতে পারি অনায়াস ?
অথবা গন্তব্য কি প্রশ্নাতীত ! নির্দিষ্ট ??
স্মৃতি বড় পথ ভোলায় !
টিপটিপ বৃষ্টি দুপুর বিষন্ন গতিময় !
স্মৃতির আবরণ সরিয়ে দেখি ,
বাতিস্তম্ভের পাশে কে যেন অপেক্ষায় আছে !
প্রাণপণ ডাকি তাকে , হাতছানি দিই ,
আবছা বৃষ্টির ঘোর কাটলে দেখি
আবহমানের দরজা হাট করে খুলে আছো !!
আচ্ছা , এই আসা-যাওয়া কি প্রহর গোনে ?
সময়ের জানলায় কান পাতে প্রতিপল ?
হয়তো সে সুখবিলাসী কল্পনায় অহরহ পাক খায় !
অথবা কালোত্তীর্ণ এক সেতু রচনা করে মায়ায় !
লাবণ্যের প্রতীক্ষায় কোমলতার চারাগাছ
এই সবে পাতা মেললো ।
ইচ্ছেমতো গন্তব্যে পৌঁছে যাবো পড়ন্ত বেলায়
উজানে বাইছি নৌকার খোলস !!
কখনও হয়তো ঠিকঠাক পৌঁছে যাবো , যাবোই !!
অভিমান ভাঙিয়ে তুমিও এসো কিন্তু সেদিন !!
নইলে সব অর্থহীন !!
কমেন্ট করুন