কবিতা: আমার মৃত্যূর শরীর
আমার মৃত্যূর শরীর
সবকিছু একদিন হারিয়ে যাবে বলে
তোমার হাত কোনদিন ধরব না,কোনদিন দুজনে উর্মিল আবেগের বেলাভূমিতে দাঁড়াব না,
এমন প্রহসনে 'তা দিতে পারব না।
নৌকোর দাঁড় থেকে জল চলকে উঠেই
ভাটির টানে লুকিয়ে পড়ে নিমেষে, এমন
হয় বলে ঝিরঝিরে বৃষ্টির মতো তুলিতে
তোমার ফুটে ওঠা দেখব না, তা হয় না।
একদিন সবকিছু শুকনো তথ্য হয়ে যাবে বলে
তোমার রক্তের ছিটে লাগা প্রতিরোধের দেয়ালে
আমারও রক্তের ছিটে লাগতে দেব না, এমন আনুগত্য
কোন লুম্পেনি বেটনের গায়ে লিখে দেব, তা হয় না।
সব জ্যোতিষ্ক একদিন অশ্রাব্য আর্তনাদের ভেতর নিভে যাবে বলে
তোমার চাহনির কাছে আজ জ্বলে থাকার যুদ্ধে
রসদ চাইব না, এমন আকাশকুসুমে সেচ দিতে পারব না।
বাড়িয়ে দিলাম হাত
উঠে আসছি তোমার ভাসমান নৌকায় ক্ষিপ্র তুলির মতো
তোমার চোখ থেকে বুক ভরে নেব বলে
জ্যোতিষ্কের রূপোলি গন্ধ।
আমার মৃত্যুর শরীর ছেড়েছে সব অন্ধ-ভন্ড।
কমেন্ট করুন